ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আর্থিক ডেরিভেটিভস পণ্য চালুর উদ্যোগ এগিয়ে যাচ্ছে। ডেরিভেটিভস পণ্য চালুর লক্ষ্যে ডিএসই কর্তৃক দাখিল করা কর্মপরিকল্পনা অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কমিশনের ১০২৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুমোদিত কর্মপরিকল্পনায় ডেরিভেটিভস চালুর জন্য নিয়ন্ত্রক উদ্যোগ, প্রয়োজনীয় সিস্টেম উন্নয়ন ও অবকাঠামো তৈরি, ক্লিয়ারিং-সেটেলমেন্ট এবং ঝুঁকি ব্যবস্থাপনা বাস্তবায়নের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
ডিএসইর কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা বিএসইসি পর্যবেক্ষণ করবে। এ বিষয়ে কমিশনের সভায়ও অনুমোদন দেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ডেরিভেটিভস চালুর প্রস্তুতি ও সংশ্লিষ্ট কার্যক্রম নিয়মিতভাবে পর্যবেক্ষণ করবে কমিশন।
পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিকভাবে ডেরিভেটিভস পণ্য হিসেবে ইনডেক্স ফিউচার চালুর মাধ্যমে লেনদেন শুরু হবে। সব প্রস্তুতি ঠিকভাবে সম্পন্ন হলে ২০২৮ সালের জানুয়ারি মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে আর্থিক ডেরিভেটিভস পণ্যের আনুষ্ঠানিক লেনদেন শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।
এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের পুঁজিবাজারে বিনিয়োগের নতুন একটি পণ্য যুক্ত হবে এবং বাজারে ঝুঁকি ব্যবস্থাপনা ও বিনিয়োগের সুযোগ আরও বাড়তে পারে।
এএইচ/পিএস