ঢাকা: জেড ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন ও হস্তান্তরের ক্ষেত্রে বিদ্যমান বিধান সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কমিশনের ১০২৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশোধিত বিধান অনুযায়ী, কোনো জেড ক্যাটাগরির কোম্পানির উদ্যোগক্তা বা পরিচালকের শেয়ার বা ইক্যুইটি সিকিউরিটিজ লেনদেন কিংবা হস্তান্তরের ক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে কমিশনের পূর্বানুমোদনের প্রয়োজন হবে না।
বিশেষ করে ঋণখেলাপির কারণে শেয়ার বাজেয়াপ্ত এবং শেয়ারহোল্ডারের মৃত্যুর ক্ষেত্রে শেয়ার হস্তান্তরের জন্য কমিশনের পূর্বানুমোদন নেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তবে এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জকে তালিকাভুক্তি আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিএসইসির এ সিদ্ধান্তের ফলে জেড ক্যাটাগরির কোম্পানির শেয়ার বাজেয়াপ্ত ও উত্তরাধিকারসূত্রে হস্তান্তরের প্রক্রিয়া তুলনামূলক সহজ হবে বলে মনে করা হচ্ছে।
এএইচ/পিএস