রেমিট্যান্স প্রবাহে বাড়ছে গতি: ১৩ দিনে এসেছে ১৪২.৭ কোটি ডলার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৫:২০ পিএম
ফাইল ছবি

দেশে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৩ দিনে প্রবাসীরা দেশে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এসেছিল ১৩০ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রথম ১৩ দিনে রেমিট্যান্স বেড়েছে ৯ দশমিক ৩ শতাংশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১৩ সেপ্টেম্বর একদিনেই দেশে ১৯ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭২৫ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৬২০ কোটি ৬০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে এই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৬ দশমিক ৯ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয় আসার গতি তুলনামূলকভাবে শক্তিশালী রয়েছে। জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় ১০৪ কোটি ৭০ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বৈধ পথে প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন সুবিধা এবং ব্যাংকিং চ্যানেলে ডলারের ভালো দর পাওয়ায় রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রভাব পড়ছে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ কমার পাশাপাশি ডলার বাজারেও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস হলো প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। চলতি অর্থবছরের শুরুতে এর ধারাবাহিক প্রবৃদ্ধি অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

এসএইচ