ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) উদ্যোগে মেয়েদের পাঁচটি হলে টিকাদান কর্মসূচির চলমান রয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা এবং প্রতিরোধমূলক চিকিৎসাসেবাকে হলপর্যায়ে সহজলভ্য করার লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়।
এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে টিকাদান কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ০৪টা পর্যন্ত চলা এ কার্যক্রমে দুই হলের আবাসিক ও অনাবাসিক মিলিয়ে প্রায় ১০০০ শিক্ষার্থী টিকা গ্রহণ করেন। পর্যায়ক্রমে মেয়েদের বাকি হল গুলোতে একই ধরনের টিকাদান কর্মসূচি পরিচালনা করা হবে।
টিকা সেবা প্রদানের অংশ হিসেবে টিটেনাস, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক এইচপিভি (HPV) টিকা (যা বেসরকারি হাসপাতাল/ক্লিনিকে সাধারণত ২,৫০০ থেকে ৪,০০০ টাকা) টাইফয়েড টিকা (যার বেসরকারি মূল্য প্রায় ২,৫০০ টাকা) প্রদান করা হয়।
টিকাদান কার্যক্রম সম্পর্কে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে বিনামূল্যের টিকাদান কর্মসূচির আয়োজন করেছি। আমাদের মূল উদ্দেশ্য হলো নারী শিক্ষার্থীদের শারীরিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের জন্য প্রয়োজনীয় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ব্যাপক সাড়া দেখে আমরা বুঝতে পেরেছি, ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীর জন্য টিকা প্রদানের প্রয়োজন হবে। পাঁচটি হলের কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পুনরায় নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে, যাতে শিক্ষার্থীরা তাদের প্রয়োজন অনুযায়ী টিকা গ্রহণ করতে পারে।
সাবিকুন্নাহার তামান্না জানান, প্রয়োজনীয় কিছু টিকা সবার জন্য গ্রহণ করা অত্যন্ত জরুরি। বেসরকারিভাবে গ্রহণ করলে যেসব টিকার জন্য ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত খরচ হয়, সেগুলো সিটি করপোরেশনের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে প্রদানের উদ্যোগ নিয়েছে ডাকসু। আজ বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ও অনাবাসিক সকল শিক্ষার্থীদের এ সেবা প্রদান করা হয়েছে। পর্যাক্রমে মেয়েদের সকল হলে এ সেবা পৌঁছানো হবে।
টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর ড.ফারিয়া। বাংলাদেশ কুয়েত মৈত্রী হল সংসদের সাহিত্য সম্পাদক সুমাইয়া ইসলাম লুবনা, পাঠকক্ষ সম্পাদক মাহফিদা আক্তার শ্রাবন্তী, সাংস্কৃতিক সম্পাদক নাঈমা আক্তার, কার্যনির্বাহী সদস্য ইসরাত জাহান সামিয়া এবং মুহসিনা বিনতে কামাল।এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের এজিএস রুপা আক্তারসহ অনান্যরা।
এসএইচ