ঢাকা কলেজ: পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর রোববার (২৯ মার্চ) খুলেছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ঈদ ও দীর্ঘ ছুটি শেষে আবারও প্রাণচাঞ্চল্যে ফিরতে শুরু করেছে ঢাকা কলেজ ক্যাম্পাস। তবে প্রথম দিন হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে পুরোদমে।
দর্শন বিভাগের শিক্ষক নাজমুল হুসাইন নয়ন বলেন, আমি অনার্সের শিক্ষক হিসেবে শ্রেণিকক্ষে পাঠদান করাতে গিয়েছিলাম। সেখানে শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা কম ছিল। যেহেতু আজই প্রথম কলেজ খুলেছে, সেক্ষেত্রে উপস্থিতির সংখ্যা কম থাকাটা স্বাভাবিক। আমি আশা করছি আগামী কয়েক দিনের মধ্যেই শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা বৃদ্ধি পাবে। পাশাপাশি শিক্ষার্থীদের সিলেবাস শেষ করার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অনেক সময় ফাইনাল পরীক্ষার অনেক আগেই সিলেবাস শেষ করা হয়-এবারও তার ব্যতিক্রম হবে না।
ঢাকা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহিন ভূইয়া বলেন, ঈদের পর ক্যাম্পাসে ফিরে খুবই সুন্দর অনুভূতি হচ্ছে। বাড়ির পর আমার সেকেন্ড হোম হলো এই ঢাকা কলেজ। ক্যাম্পাসে যখনই আসি, তখনই একটা ভালো লাগা কাজ করে। আজ যখন কলেজে প্রবেশ করি, তখন নিরিবিলি একটি শান্ত পরিবেশ ছিল। ক্যাম্পাসে এসে লক্ষ্য করেছি, গাছে গাছে নতুন পাতা গজিয়েছে।
তিনি আরও বলেন, অনেকদিন ছুটির পর ক্লাসে গিয়ে শিক্ষক ও বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লেগেছে। আজ ক্লাসে উপস্থিতির সংখ্যা কম ছিল। রমজানে যেহেতু কলেজে ছুটি ছিল, তাই পরিবারের সবার সঙ্গে সেহরি ও ইফতার করেছি। তাদের সবার সঙ্গে সুন্দরভাবেই ঈদ সম্পন্ন করে আবার ঢাকায় ফিরেছি।
ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী তুর্য বলেন, ঈদের ছুটির পর ক্যাম্পাসে ফিরে সত্যিই ভালো লাগছে, যদিও উপস্থিতি কম। তারপরও যেহেতু দীর্ঘদিন পর ক্লাস শুরু হলো, সবাই একসঙ্গে হৈ-হুল্লোড় ও আড্ডায় মেতে উঠেছে-সব মিলিয়ে ভালো লাগছে।
তিনি আরও বলেন, আজকের ক্লাসগুলো খুবই ভালোভাবে হয়েছে। শিক্ষকরাও পড়াশোনার জন্য শিক্ষার্থীদের বেশ গুরুত্ব দিচ্ছেন। দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকার সুবাদে বাসায় ঈদ করেছেন। পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। খুবই সুন্দরভাবে রমজান ও ঈদের ছুটি পরিবারের সঙ্গেই কাটানো হয়েছে।
উচ্চমাধ্যমিকের আরেক শিক্ষার্থী অভিষেক আহমেদ আবির বলেন, দীর্ঘদিন পর ক্যাম্পাসে এসে আমার খুবই ভালো লাগছে। দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকার কারণে ক্যাম্পাসের সবকিছুই সুন্দর লাগছে। ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম,এখনো অনেকে আসেনি। প্রায় অর্ধেক শিক্ষার্থী আজ উপস্থিত ছিল।
পিএস