বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শূন্য পদের তথ্য সংগ্রহ শেষ হয়েছে। প্রাথমিক হিসাবে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৭৭ হাজারের বেশি পদ শূন্য রয়েছে।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৭৭ হাজার ২২৭টি শূন্য পদের তথ্য পাওয়া গেছে। তবে আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা শেষ না হওয়ায় এই সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ফি জমা দেওয়ার সময়সীমা আজ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
এর আগে শূন্য পদের তথ্য সংগ্রহের সময়সীমা বাড়ানো হয়েছিল। পূর্বের সূচি অনুযায়ী গত রবিবার এ কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও পরে সময় বাড়ানো হয়।
শিক্ষা খাতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট মোকাবিলায় এই নিয়োগ প্রক্রিয়াকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এনটিআরসিএ জানিয়েছে, শূন্য পদের চূড়ান্ত তথ্যের ভিত্তিতেই শিগগিরই ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এসএইচ