সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদরাসায় মিলছে দীর্ঘ ছুটি। ক্যালেন্ডারের ছুটির তালিকা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১০ দিন পর্যন্ত ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন।
এদিকে উৎসবের আনন্দ বাড়িয়ে দিতে সরকারি চাকরিজীবীদের জন্যও নির্বাহী আদেশে ছুটি একদিন বাড়িয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে আগে থেকেই সরকারি ছুটি নির্ধারিত ছিল। এর সঙ্গে নতুন করে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। ফলে পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন।
অন্যদিকে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৮ ও ১৯ অক্টোবরের মহাসপ্তমী ও মহাষ্টমীর ঐচ্ছিক ছুটি নিলে সাপ্তাহিক ছুটিসহ টানা সাত দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন।
শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরের পঞ্জিকা অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে আগামী ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার মূল ছুটি নির্ধারিত রয়েছে। ছুটি শুরুর আগে ও পরে শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবরের লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হয়ে মোট ১০ দিনের এক দীর্ঘ বিরতি তৈরি হচ্ছে। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে কলেজগুলোতে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটির সময়সূচি রাখা হয়েছে, যা সাপ্তাহিক ছুটির দিনসহ হিসাব করলে আরও দীর্ঘ হতে পারে। মাদরাসাগুলোতে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে।
বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায় তাদের ছুটি নিজ নিজ সিন্ডিকেট ও একাডেমিক ক্যালেন্ডারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। এদিকে সরকারি ছুটির কারণে সারাদেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে, তবে এটিএম এবং অনলাইন ব্যাংকিংয়ের মতো ডিজিটাল সেবাসমূহ চালু থাকবে।
অন্যদিকে হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ এবং গণমাধ্যমের মতো জরুরি সেবার সঙ্গে যুক্ত কর্মীরা এই ছুটির আওতামুক্ত থেকে দায়িত্ব পালন করবেন।
এসএইচ