দীর্ঘদিনের গুঞ্জনের পর অবশেষে রাজস্থানের উদয়পুরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণ ভারতীয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। জাঁকজমকপূর্ণ এই বিয়ের আয়োজন ঘিরে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে খরচের অঙ্ক।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, আরাবল্লি পর্বতমালার পাদদেশে অবস্থিত এক বিলাসবহুল রিসর্টে অনুষ্ঠিত হয় তাদের বিয়ের মূল আয়োজন। ১১৭টি কক্ষবিশিষ্ট এই রিসর্টের প্রতিটি কক্ষের এক রাতের ভাড়া ছিল প্রায় ২০ হাজার থেকে ৭০ হাজার রুপির মধ্যে।
প্রাথমিক হিসাবে জানা গেছে, শুধুমাত্র ভেন্যু ও বিয়ের মূল আনুষ্ঠানিকতার জন্যই ব্যয় হয়েছে প্রায় আড়াই কোটি রুপি। তবে প্রাক-বিবাহ অনুষ্ঠান ও পরবর্তী সংবর্ধনা যুক্ত হলে মোট ব্যয় আরও অনেক বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইতোমধ্যে এই বিয়ের খরচ তুলনা টানা হচ্ছে বলিউডের আলোচিত তারকাবিয়েগুলোর সঙ্গে। যেমন—
বিরাট কোহলি ও আনুশকা শর্মা-এর ইতালিতে অনুষ্ঠিত বিয়েতে ব্যয় হয়েছিল প্রায় ১০০ কোটি রুপি
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস-এর যোধপুরের বিয়েতে খরচ হয়েছিল প্রায় ৭৫ কোটি রুপি
বিনোদন বিশ্লেষকদের মতে, বিজয়–রাশমিকার বিয়ের মোট ব্যয়— মূল অনুষ্ঠান, প্রাক-বিবাহ আয়োজন ও রিসেপশন মিলিয়ে— ৫০ কোটিরও বেশি হতে পারে।
২০১৮ সালে গীতা গোবিন্দম ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই এই জুটির সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। ভক্তদের কাছে ‘বিরোশ’ নামে পরিচিত এই জুটি এখন নতুন জীবনের পথে পা রাখলেন।
উদয়পুরের এই বিয়ের আয়োজনে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি চলচ্চিত্র জগতের বহু পরিচিত মুখ উপস্থিত ছিলেন। এখন ভক্তরা অপেক্ষা করছেন তাদের আনুষ্ঠানিক রিসেপশন ঘোষণার।
এম