আদালতে আত্মসমর্পণ করে জামিন চান পরীমনি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬, ১১:২৩ এএম
ফাইল ছবি

মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন চিত্রনায়িকা পরীমনি। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি জামিন চান।

এর আগে গতকাল বুধবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমান পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

ওইদিন মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। আসামিপক্ষ সময়ের আবেদন করে জানায় যে অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত থাকায় পরীমনি আদালতে হাজির হতে পারেননি। এরপর আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে তার জামিন বাতিল ও গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৯ জুন রাতে আসামিরা সাভারের বোট ক্লাবে প্রবেশ করে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ না করে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান।

পরবর্তীতে তদন্ত শেষে পিবিআই পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে।

এসএইচ