ঢাকা: জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ঈদের শুভেচ্ছা জানালেন ভক্তদের। সেই সাথে ঈদের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগী বার্তা দিয়েছেন এই অভিনেতা।
শনিবার (২১ মার্চ) বিকেলে ৫৮ সেকেন্ডের একটি ভিডিও বার্তা দেন শুভ। ভিডিওতে শুভ বলেন, ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, অনেক খাওয়া-দাওয়া। ঈদ মানেই বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া। আড্ডা দেয়া, গান করা। আমাদের জীবনে আসলে ঈদের আমেজটা এমনই হয়। আশা করছি, ঈদের এ দিনে আপনারা সবাই অনেক অনেক আনন্দ করছেন এবারের ঈদে।
[267800]
শুভ আরও বলেন, এবারের ঈদের দিনটা যদিও ঢাকায় একটু মেঘলা, তবে ঠিক আছে ঈদ বলে কথা। এবারের ঈদটা আমার জন্য একটু স্পেশাল। এটা কোনো ঘোষণা নয়, আমার শুধু মনে হলো আপনাদের সাথে এটা শেয়ার করি। প্রায় দেড়-দুই বছর ধরে আমি কাজ করছিলাম সনি লিভের ‘জ্যাজ সিটি’তে। সম্প্রতি সেটা রিলিজ হয়েছে। আপনারা দেখলে খুশি হব।
সবশেষে অভিনেতা জানান, তার ঈদ উদ্যাপনের মুহূর্ত। শুভ বলেন, আমার ঈদ সব সময়ই সাধারণ থাকে। মায়ের শাড়ি দিয়ে তৈরি পাঞ্জাবি পরে মায়ের সাথে দেখা করতে গেলাম কবরে। কবর জিয়ারত করে এখন বন্ধু-বান্ধবদের সাথে আড্ডাবাজি করব, মজা করব। সবশেষে এটাই বলতে চাই, আপনারা সবাই অনেক অনেক আনন্দ করুন ঈদে। ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিন। আবারও সবাইকে ঈদ মোবারক।
বর্তমানে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন ঢালিউড চিত্রনায়ক আরিফিন শুভ। ‘জ্যাজ সিটি’ ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রেখেছেন। সনি লিভে সিরিজটি মুক্তি পায় গত ১৯ মার্চ। প্রকাশের পরপরই দর্শক জনপ্রিয়তায় শীর্ষে অবস্থান করছে নতুন এ সিরিজ।
এসআই