স্তন ক্যানসার বিষয়ে জনসচেতনতা বাড়াতে ঢাকা থেকে বরিশাল অভিমুখে শুরু হয়েছে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা-২০২৬’।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রাজধানী থেকে এ কর্মসূচি শুরু হয়। বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নিয়েছে। এতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিশেষজ্ঞ সার্জন, ক্যানসার জয়ী ব্যক্তি, সংগঠক ও সংস্কৃতিকর্মীরা যুক্ত হয়েছেন।
গোলাপি রঙে সজ্জিত বিশেষ বাস নিয়ে শুরু হওয়া এ কর্মসূচিতে বিভিন্ন এলাকায় পথসভা, সচেতনতামূলক আলোচনা ও তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষকে স্তন ক্যানসার সম্পর্কে সচেতন করা হবে।
আয়োজকেরা জানান, প্রথম দিনে শ্রীনগর, ভাঙ্গা, টেকেরহাট, রাজৈর, কালকিনি, গৌরনদী ও উজিরপুরসহ বিভিন্ন জনপদ ঘুরে শোভাযাত্রাটি বরিশালে পৌঁছাবে। পরবর্তী সময়ে বরিশাল থেকে ঝালকাঠি, মাদারীপুর, শরীয়তপুরসহ প্রায় ৪০টি ছোট-বড় জনপদে প্রচার কার্যক্রম চালানো হবে। কর্মসূচি শেষে শোভাযাত্রাটি আবার ঢাকায় ফিরে আসবে।
শোভাযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী ও ক্যানসার রোগতত্ত্ববিদ মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। উদ্বোধনী বক্তব্যে তিনি জানান, প্রাথমিক পর্যায়ে স্তন ক্যানসার শনাক্ত করা গেলে চিকিৎসায় পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই তৃণমূল পর্যায়ে নিয়মিত পরীক্ষা ও সচেতনতা বাড়ানো জরুরি।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট ও ক্যানসার প্রতিরোধ বিশেষজ্ঞ সৈয়দ হুমায়ুন কবির বক্তব্য দেন। তিনি স্তন ক্যানসার প্রতিরোধে সামাজিক সচেতনতা ও নিয়মিত স্ক্রিনিংয়ের ওপর গুরুত্বারোপ করেন।
ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এই মানবিক ও সচেতনতামূলক কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করছে।
এসএইচ