লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী নিয়ে এপস্টেইন কেলেঙ্কারিতে আম্বানি

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১১:৪৬ এএম

কুখ্যাত যৌন অপরাধী ও দণ্ডিত মার্কিন ধনকুবের জেফরি এপস্টেইনের প্রভাব শুধু পশ্চিমা বিশ্বেই সীমাবদ্ধ ছিল না—তার যোগাযোগের বিস্তার পৌঁছেছিল ভারতের প্রভাবশালী ব্যবসায়ী মহলেও। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সাম্প্রতিক প্রকাশিত নথিতে উঠে এসেছে, আম্বানি পরিবারের সদস্য অনিল আম্বানির সঙ্গে এপস্টেইনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সামাজিক যোগাযোগের নানা তথ্য। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

ফাঁস হওয়া নথি অনুযায়ী, ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত অনিল আম্বানি ও জেফরি এপস্টেইনের মধ্যে নিয়মিত বার্তা বিনিময় হতো। ২০১৭ সালের ৯ মার্চের একটি কথোপকথনে এপস্টেইন অনিল আম্বানির ব্যক্তিগত পছন্দ সম্পর্কে জানতে চান। নথিতে উল্লেখ রয়েছে, এপস্টেইনের দেওয়া এক প্রস্তাবে এক লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণীর কথা বলা হয়, যা অনিল আম্বানি আগ্রহের সঙ্গে গ্রহণ করেন বলে বার্তালাপে ইঙ্গিত পাওয়া যায়।

একই নথিতে থাকা আরেকটি কথোপকথনে এপস্টেইন রসিকতার ছলে জানতে চান, আম্বানির পছন্দের তালিকায় কোনো হলিউড অভিনেত্রী বা মডেল আছেন কি না। এ সময় তিনি মেরিল স্ট্রিপের নাম উল্লেখ করে বলেন, সে ক্ষেত্রে তিনি সহায়তা করতে পারবেন না। উত্তরে অনিল আম্বানি স্কারলেট জোহানসনের নাম বলেন। উল্লেখযোগ্য বিষয় হলো, ওই সময় আম্বানির মালিকানাধীন রিলায়েন্স এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘ঘোস্ট ইন দ্য শেল’ সিনেমায় অভিনয় করেন স্কারলেট জোহানসন।

নথিপত্রে আরও উঠে এসেছে, ২০১৯ সালে নিউইয়র্ক সফরের সময় এপস্টেইন অনিল আম্বানিকে নিজের আপার ইস্ট সাইডের বাসভবনে আমন্ত্রণ জানান। সহকারীদের মধ্যে আদান-প্রদান হওয়া বার্তায় ওই ব্যক্তিগত বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া প্যারিস ও ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সময় তাদের সাক্ষাতের সম্ভাব্য পরিকল্পনার কথাও নথিতে উল্লেখ রয়েছে।

আম্বানি পরিবারের সঙ্গে সম্পর্ক গভীর করতে এপস্টেইন ‘আম্বানি অ্যান্ড সন্স’সহ বিভিন্ন বই সংগ্রহ করেছিলেন বলেও নথিতে উল্লেখ করা হয়েছে। এমনকি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন আধ্যাত্মিক গুরু দীপক চোপড়ার কাছ থেকেও অনিল আম্বানি সম্পর্কে খোঁজখবর নেন এপস্টেইন। নথিতে দাবি করা হয়, দীপক চোপড়া অনিল আম্বানিকে অত্যন্ত ধনী, পরিচিতি-প্রত্যাশী এবং সেলিব্রিটি-সচেতন ব্যক্তি হিসেবে বর্ণনা করেছিলেন।

উল্লেখ্য, এর আগেও এপস্টেইন কেলেঙ্কারির নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উঠে আসায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল।

সূত্র: এনডিটিভি