আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব-লিল হক’ শুরু: শতাধিক সেনা নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৯:০৫ এএম

সীমান্তে হামলা ও সেনা অপহরণের ঘটনার প্রতিক্রিয়ায় আফগানিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। ‘অপারেশন গজব-লিল হক’ নামের এই অভিযানে ইতোমধ্যে অন্তত ১৩৩ জন আফগান সেনা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে আরও দুই শতাধিক আফগান সেনা আহত হয়েছেন এবং একটি বড় অস্ত্রভাণ্ডার ধ্বংস করা হয়েছে।

শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় এ তথ্য জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর আন্তর্জাতিক গণমাধ্যমবিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি।

তার মতে, রাত সাড়ে তিনটার দিকে শুরু হওয়া এই অভিযানে পাকিস্তান বিমান বাহিনী ও স্থলবাহিনী একযোগে অংশ নেয়। হামলার লক্ষ্যবস্তু ছিল আফগানিস্তানের রাজধানী কাবুলসহ পাকতিয়া ও কান্দাহার অঞ্চলের একাধিক সামরিক স্থাপনা।

পাকিস্তানের দাবি অনুযায়ী— ২৭টি সেনাচৌকি ধ্বংস করা হয়েছে, ৯টি চৌকি দখলে নেওয়া হয়েছে, দুটি সেনা সদরদপ্তর, তিনটি ব্রিগেড সদরদপ্তর, দুটি গোলাবারুদ ডিপো, একটি লজিস্টিক ঘাঁটি, তিনটি ব্যাটালিয়ন সদরদপ্তর এবং দুটি সেক্টর কমান্ড কেন্দ্র দখল করা হয়েছে। এছাড়া ৮০টির বেশি ট্যাংক এবং বিপুল পরিমাণ আর্টিলারি ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়।

এর আগে গত ২১ ফেব্রুয়ারি নানগারহার ও পাকতিয়া অঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় ৮০ জনের বেশি নিহত হয়। পাকিস্তানের সামরিক গণমাধ্যম শাখা জানায়, ওই হামলা চালানো হয়েছিল নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-এর ঘাঁটি লক্ষ্য করে।

তবে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার দাবি করে, জঙ্গি নয়— বেসামরিক এলাকাতেই হামলা চালানো হয়েছে। সেই ঘটনার পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে এবং পাল্টা জবাবের হুঁশিয়ারি দেয় কাবুল।

এম