ট্রাম্পের ঘোষণা, শিগগিরই ইরান থেকে সরে যাব

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ১০:৫০ পিএম
ফাইল ছবি

ঢাকা: ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযানের ১৭তম দিনে নতুন করে অপ্রত্যাশিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এখনই ইরানে হামলা বন্ধ করছে না যুক্তরাষ্ট্র, তবে অচিরেই তারা ওই অঞ্চল থেকে সরে আসবে।

মঙ্গলবার (১৭ মার্চ) এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আমরা এখনই হামলা থামাচ্ছি না, তবে খুব শীঘ্রই আমরা সেখান থেকে চলে যাব। একই সঙ্গে তিনি ন্যাটো জোটের সমালোচনা করে বলেন, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে আমেরিকাকে সহযোগিতা না করা ন্যাটোর বড় ভুল ছিল। তবে পরে তিনি দাবি করেন, ওয়াশিংটনের কারও সাহায্যের প্রয়োজন নেই।

[267661]

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ন্যাটোকে ‘একমুখী’ জোট হিসেবে আখ্যায়িত করেন। তিনি লেখেন, প্রতি বছর শত শত বিলিয়ন ডলার খরচ করে আমরা এই দেশগুলোকে রক্ষা করছি, কিন্তু বিনিময়ে প্রয়োজনীয় সমর্থনটুকুও পাচ্ছি না।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর আকস্মিক হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষস্থানীয় অনেক নেতা ও সেনা কর্মকর্তা নিহত হন। এর কিছুক্ষণের মধ্যেই পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন বাহিনী ওই অভিযানে যুক্ত হয়।

গত ২ মার্চ অভিযানের তৃতীয় দিনে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আরও চার থেকে পাঁচ সপ্তাহ চলতে পারে। এরপর ১০ মার্চ তিনি বলেন, সামরিক অভিযান শেষের পথে। কিন্তু তার এক সপ্তাহ পরেও যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যায়নি।

এসআই