সাইবার নিরাপত্তা সংকট, দাবানল ও তীব্র খরার মতো একাধিক দুর্যোগ মোকাবিলায় যুক্তরাজ্যের নাগরিকদের ঘরে অন্তত তিন দিনের খাবার ও পানির মজুত রাখার পরামর্শ দিয়েছে দেশটির সরকার।
সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে সৃষ্টি হওয়া প্রযুক্তিগত জটিলতা এবং প্রতিকূল আবহাওয়ার প্রেক্ষাপটে গত শুক্রবার যুক্তরাজ্যের সরকার আনুষ্ঠানিকভাবে এই সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে।
সম্প্রতি পিএইচপি প্রোগ্রামের একটি বড় ধরনের নিরাপত্তা ত্রুটি প্রকাশ্যে আসার পর বিশ্বজুড়ে অনলাইন সেবা বিঘ্নিত হয় এবং লাখ লাখ সাইবার হামলার ঘটনা ঘটে। যাকে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় প্রযুক্তিগত সংকট হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এর পাশাপাশি যুক্তরাজ্যে তীব্র গরম, খরা ও দাবানলের প্রাদুর্ভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এই উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সরকারের ‘বি রেডি’ বা ‘প্রস্তুত থাকুন’ কর্মসূচির আওতায় নাগরিকদের ঘরে অন্তত তিন দিনের বোতলজাত পানি এবং দ্রুত পচনশীল নয় এমন শুকনো খাবার প্রস্তুত রাখার কথা বলা হয়েছে।
সংকট মোকাবিলায় সরকারের নতুন কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত এক বৈঠকে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেন, অতীতে যেকোনো জরুরি পরিস্থিতিতে যুক্তরাজ্যকে ঘটনার পর প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে। তবে এখন থেকে পরিস্থিতি সৃষ্টির আগেই আগাম প্রস্তুতি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি দাবানল দমনে এবার সামরিক উড়োজাহাজ ব্যবহারের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং সতর্ক করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধাকে কাজে লাগিয়ে শত্রুভাবাপন্ন রাষ্ট্র ও সংঘবদ্ধ অপরাধী চক্রগুলো সহজেই প্রচলিত নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করছে, যার ফলে সাইবার হামলার আশঙ্কা বহুগুণ বেড়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সময়ে যুক্তরাজ্য তার সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকির মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে।
উল্লেখ্য, কেবল যুক্তরাজ্যই নয়, বিশ্বব্যাপী বহুমাত্রিক সংকটের বিষয়টি বিবেচনা করে গত বছর ইউরোপীয় কমিশনও তাদের ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের জন্য নগদ অর্থ, পাওয়ার ব্যাংকসহ অন্তত ৭২ ঘণ্টার জরুরি রসদ গুছিয়ে রাখার পরামর্শ দিয়েছিল।
এসএইচ