টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান ম্যাচ বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু। তবে এবার ভিন্ন এক সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে বহুল আলোচিত হাইভোল্টেজ ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে দেশটি, যদিও ম্যাচটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এই সিদ্ধান্তের পেছনের কারণ নিয়ে শুরু থেকেই নানা জল্পনা চলছিল, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে। শুরুতে পাকিস্তান সরাসরি কিছু না বললেও অবশেষে বিষয়টি স্পষ্ট করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি জানিয়েছেন, বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদ জানাতেই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের এই অবস্থান প্রকাশ্যে আসার পর দেশটির প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল লেখেন, “ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর দেশ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, বুধবার মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে শাহবাজ শরিফ বলেন, “আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের পাশে দাঁড়ানো আমাদের উচিত। এটি একটি যথার্থ সিদ্ধান্ত।”
পাকিস্তানের এই ঘোষণাকে ক্রীড়াঙ্গনে এক ব্যতিক্রমী রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। একই সঙ্গে বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট ও কূটনৈতিক আলোচনাতেও নতুন মাত্রা যোগ করেছে।
এম