ঢাকা: আগামী ২০ আগস্ট দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি।
রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলটির পক্ষে এ মনোনয়নপত্র দুটি সংগ্রহ করা হয়।
বিএনপির পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী নির্বাচন কমিশনের প্রধান নির্বাচনি কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্রগুলো গ্রহণ করেন।
এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি (তফসিল) ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট সকাল ১০টায় নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র বাছাই করা হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী নির্ধারিত হলে ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
পিএস