ঢাকা: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদের পর স্থানীয় সরকার নির্বাচনে মোট ভোটার দাড়াচ্ছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।
রোববার (৯ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি জানান, ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হয়েছে, তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। সব মিলিয়ে ভোটার দাঁড়াচ্ছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।
ভোটার তালিকার দাবি, আপত্তি ও সংশোধনসংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য ইতোমধ্যে ১৫৪ জন কর্মকর্তাকে সংশোধনকারী কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন।
ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী, খসড়া তালিকা প্রকাশের পর ফরম-৬-এর মাধ্যমে দাবি, ফরম-৭-এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮-এর মাধ্যমে সংশোধনের আবেদন নেওয়া হবে।
ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হবে।
সংশোধনকারী কর্তৃপক্ষ ২৭ আগস্টের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করবেন। আবেদনগুলোর ওপর গৃহীত সিদ্ধান্ত ২৮ আগস্টের মধ্যে তালিকায় সংযোজন করা হবে এবং ৩১ আগস্ট হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
পিএস