পোশাক শ্রমিকদের জন্য সুখবর দিল সরকার, প্রজ্ঞাপন জারি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ০৮:২৪ পিএম
ফাইল ছবি

পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গঠন করা হয়েছে নিম্নতম মজুরি বোর্ড। রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ-সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারার বিধান অনুসারে বোর্ডের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ। মালিকপক্ষের প্রতিনিধি হয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে।

অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারায় দেওয়া ক্ষমতাবলে এবং ১৩৯ ধারায় নির্ধারিত কার্যাবলি সম্পাদনের উদ্দেশ্যে গার্মেন্টস শিল্পের জন্য এ মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

এর আগে শনিবার সকালে সচিবালয়ে পোশাকশ্রমিকদের বেতন বাড়াতে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার নতুন মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেয়। এখন এই বোর্ডের মাধ্যমে শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু হবে।

এসএইচ