ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে কর্মজীবনে তার কোনো প্রতিফলন যেন না ঘটে-এমন নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস পুলিশ ও আনসার ক্যাডারে নবযোগদান করা কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপিরিয়র সার্ভিসে তাঁদের প্রধান দায়িত্ব রাষ্ট্রের আইনশৃঙ্খলা বজায় রাখা। এর মাধ্যমে দেশের সব কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রশাসন, উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও জনগণের স্বস্তি অনেকাংশে তাঁদের কাজের ওপর নির্ভর করে।
কর্মজীবনে শৃঙ্খলা ও সার্ভিস রুলস মেনে চলার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনানুগ নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ ও আনসার ক্যাডার অন্য ক্যাডার সার্ভিসের তুলনায় আলাদা। এসব বাহিনীকে সংঘাতময় ও চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করতে হয়। অনেক সময় মুহূর্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এ জন্য বুদ্ধিমত্তা, পেশাদারত্ব ও উপস্থিত বুদ্ধি অত্যন্ত জরুরি।
আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও বিচক্ষণতা দেখানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখার নির্দেশ দেন। কোনো অবস্থাতেই যেন ক্ষমতার অপব্যবহার না হয়, সে বিষয়ে নবীন কর্মকর্তাদের সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (ইনচার্জ) ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
এসএইচ