খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে চায় সরকার। এ লক্ষ্যে তরুণদের খেলার মাঠে ফিরিয়ে এনে সুস্থ ও সুন্দর জাতি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার (১ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ‘ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল লীগ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, মাদক ব্যক্তি, পরিবার, পরিবেশ ও সমাজকে ধ্বংস করে। যুবসমাজকে এর ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে তাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় যুক্ত থাকলে তরুণেরা মাদক থেকে দূরে থাকতে পারবে। এ কারণে খেলাধুলাকে সরকার অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে নিয়েছে।
খেলাধুলার উন্নয়নে খেলোয়াড়দের ভূমিকাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, অতিথিরা উপস্থিত থেকে হাততালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দিতে পারেন। তবে খেলাধুলাকে এগিয়ে নেওয়ার মূল দায়িত্ব খেলোয়াড়দেরই। ভলিবলকে সামনে এগিয়ে নিতে তাঁদের নিষ্ঠা, পরিশ্রম ও আন্তরিকতা প্রয়োজন।
ভলিবল ফেডারেশনের সঙ্গে সাবেক খেলোয়াড়দের সম্পৃক্ততা এবং বিভিন্ন পেশায় থাকা সাবেক খেলোয়াড়দের উপস্থিতিকে আশাব্যঞ্জক বলে উল্লেখ করেন আসাদুজ্জামান। তাঁদের অভিজ্ঞতা আগামী প্রজন্মের খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, ছেলে-মেয়ে নির্বিশেষে প্রত্যেককে নিজের পছন্দের খেলায় অংশ নেওয়ার সুযোগ ও উৎসাহ দিতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা একটি সুস্থ, সচেতন ও সুন্দর জাতি গঠনে সহায়ক হবে।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) সিনা ইবনে জামালী, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসাঃ ফেরদৌসী বেগম এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা মহানগরীর ১৩টি ক্লাব ও প্রতিষ্ঠানের ভলিবল দল অংশ নিচ্ছে।
এসএইচ