শাকিল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে এমপিপুত্র মিন্টু

  • নাটোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ০৮:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে ছাত্রনেতা শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার নাটোর-৪ আসনের সাবেক এমপি আবদুল আজিজের ছেলে ও যুবদল নেতা নুরুজ্জামান মিন্টুকে দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে তাঁকে ডিবি কার্যালয় থেকে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে ডিবি পুলিশ। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে গুরুদাসপুর আমলি আদালতে হাজির করা হলে বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কড়া নিরাপত্তায় তাঁকে কারাগারে নেওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম জানান, শাকিল হত্যা মামলায় অধিকতর তদন্তের জন্য মিন্টুকে আদালতের অনুমতিতে দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৬ অক্টোবর রাতে শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। পরের দিন তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর দ্বিতীয় দফায় আবারও দুই দিনের রিমান্ডে নেওয়া হয় তাঁকে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় পুলিশের তদন্তকাজ গুরুত্বের সঙ্গে চলছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হামলার শিকার হন শাকিল। পরে ২৬ অক্টোবর রাতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম।

এসএইচ