মধ্যরাতে ছাড়া পেলেন রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬, ১০:৩২ এএম

টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। অন্যদিকে, জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে চ্যানেলটির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে একটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ২০২৪ সালের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে, জিজ্ঞাসাবাদে রাজীব ঘোষের বিরুদ্ধে কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে বুধবার বেলা সাড়ে তিনটার দিকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ডিবিপ্রধান শফিকুল ইসলাম। তিনি জানিয়েছিলেন, ডিবিসি নিউজের কার্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি এড়াতে তাকে এবং আরও একজনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। 

ডিবিসি নিউজসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের আগে ইকবাল সোবহান চৌধুরী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন। পরে তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তবে এরপরও তিনি মাঝেমধ্যে কার্যালয়ে যাতায়াত করতেন।

বুধবার দুপুরে ডিবিসি নিউজের কার্যালয়ে গিয়ে নিজেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দাবি করেন তিনি। একপর্যায়ে বেলা তিনটার দিকে কার্যালয় থেকে বের হলে ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করে নিয়ে যান। এ সময় বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকেও নিয়ে যাওয়া হয়।

এদিকে, বুধবার বিকেলে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া পর্যালোচনা সংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভা শেষে বিষয়টি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইকবাল সোবহান চৌধুরী আটক হয়ে থাকলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকার কারণেই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে।

এম