ঢাকা: ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট। বিভাগীয় শহরগুলোতে ধারাবাহিক সমাবেশের মাধ্যমে জনমত গড়ে তোলা এবং চলমান রাজনৈতিক আন্দোলনকে বেগবান করাই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানিয়েছে জোটটি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন লিয়াজোঁ কমিটির সদস্য হামিদুর রহমান আযাদ।
হামিদুর রহমান আযাদ জানান, আগামী ১৬ মে রাজশাহী বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, রাজশাহীর পর ১৩ জুন চট্টগ্রাম, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং সর্বশেষ ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রতিটি সমাবেশে জোটভুক্ত ১১টি দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।
জোটের নেতারা বলছেন, ‘জুলাই সনদ’-এর পূর্ণ বাস্তবায়ন এবং সংবিধানের কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি। এ লক্ষ্যেই সারাদেশে জনমত গড়ে তোলা এবং সরকারের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টির অংশ হিসেবে এই ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদের দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই কর্মসূচির মাধ্যমে জনগণের প্রত্যাশা তুলে ধরা হবে এবং গণভোটের রায়ের প্রতি সম্মান জানাতে সরকারকে বাধ্য করা হবে।
পিএস