আ.লীগ ঠেকাতে মাঠে নামছে জামায়াত, ডিসেম্বরজুড়ে কর্মসূচি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৪:৪৪ পিএম
ফাইল ছবি

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে আগামী ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে আগামী ২১ নভেম্বর রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে দলটি। বুধবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার চলমান পরিস্থিতির জন্য সরকারের সমালোচনা করে বলেন, গণভোটের রায় এবং ৭০ ভাগ মানুষের মতামত অগ্রাহ্য করার কারণে দেশে আজ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে ফ্যাসিবাদবিরোধী জনতা সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, পুলিশের ওপর হামলা হলেও স্বরাষ্ট্রমন্ত্রী পরিস্থিতি স্বাভাবিক থাকার দাবি করছেন, যা তার দায়িত্ব পালনে ব্যর্থতার প্রমাণ। গোপালগঞ্জ ও মাদারীপুরের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটি নির্বাচিত সরকারের আমলে এসব ঘটনা কাম্য নয় এবং দেশে কোনো সরকার আছে বলে মনে হচ্ছে না।

পার্শ্ববর্তী দেশের সমালোচনা করে জামায়াত সেক্রেটারি বলেন, একজন পলাতক আসামিকে আশ্রয় দিয়ে তারা প্রথম অপরাধ করেছে এবং এখন তাকে ফেরত পাঠাতে সামরিক বিমান পাঠানোর কথা বলছে, যা অত্যন্ত নিন্দনীয়। তিনি প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে কঠোরভাবে আইনের আওতায় আনার দাবি জানান।

একই সঙ্গে সরকার জনগণের জানমাল রক্ষায় ব্যর্থ হলে রাষ্ট্রপতিকে জরুরি ভিত্তিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি পালনের তাগিদ দেওয়া হয়।

এসএইচ