আ.লীগ বাদ দিয়ে জাতীয় সংলাপ হতে পারে না: রুমিন ফারহানা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৭:০০ পিএম
ফাইল ছবি

জাতীয় সংলাপ করতে হলে আওয়ামী লীগকেও আলোচনার টেবিলে রাখতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর একটি টকশোতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। 

টকশোতে আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না, এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, দলটি ক্ষমা চাইবে কি না তিনি জানেন না, তবে তিনি আওয়ামী লীগ হলে বর্তমান পরিস্থিতিতে এদের কাছে ক্ষমা চাইতেন না; বরং তার চেয়ে ভালো শাসন দিতে পারলে তবেই ক্ষমা চাইতেন।

জাতীয় সংলাপের প্রয়োজনীয়তা তুলে ধরে রুমিন ফারহানা বলেন, দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ আওয়ামী লীগ করে এবং শেখ হাসিনা যখন দেশ ছেড়ে যান তখনও জরিপ অনুযায়ী এই হার ২৫ শতাংশ ছিল। বিপুলসংখ্যক এই মানুষকে আলোচনার টেবিলের বাইরে রেখে কোনো সংলাপ করলে তা যেকোনো কিছু হতে পারে, কিন্তু জাতীয় সংলাপ হতে পারে না। তিনি মনে করেন, আওয়ামী লীগকে আলোচনার টেবিলে এনে তাদের কৃতকর্মের জন্য তারা লজ্জিত বা অনুতপ্ত কি না তা জানতে চাওয়া উচিত এবং পাশাপাশি ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে এই সংসদ সদস্য বলেন, সামনের পরিস্থিতি অত্যন্ত কুয়াশাচ্ছন্ন ও ঘোলা হওয়ায় এখন অপেক্ষা করা ছাড়া কোনো বিকল্প নেই, তবে আগামী জানুয়ারির মধ্যে অনেক কিছুই পরিষ্কার হবে বলে তিনি বিশ্বাস করেন।

এ ছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব ও বিভাজন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, বর্তমানে ধর্মীয় বিভাজনের বদলে রাজনৈতিক মত ও পথের পার্থক্য থেকে সমাজে বিভক্তি ও হিংস্রতা তৈরি হচ্ছে। রাজনীতিবিদদের মধ্যে সৌহার্দ্য কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, একে অপরের সঙ্গে বসে কথা না বলার এই সংস্কৃতি দেশকে কোনো ভালো দিকে নিয়ে যাবে না।

এসএইচ