আরও একাধিক এমপি ও মন্ত্রীর পদত্যাগের গুঞ্জন, যা বলছে বিএনপি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৬:৩৮ পিএম
ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. মুহাম্মদ ওসমান ফারুকের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের পর দলটির আরও একাধিক মন্ত্রী ও সংসদ সদস্যের পদত্যাগের গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এই খবরগুলোকে সম্পূর্ণ গুজব ও অপপ্রচার বলে জানিয়েছে বিএনপি। 

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুসহ অন্যদের পদত্যাগের বিষয়টি ভিত্তিহীন এবং দুষ্ট চক্রের অপপ্রচার মাত্র।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু, খন্দকার আবু আশফাকসহ গোপালগঞ্জ ও নোয়াখালীর আরও কয়েকজন সংসদ সদস্যের পদত্যাগের দাবি করা হয়। এমনকি বরকত উল্লাহ বুলুর পদত্যাগের বিষয়ে একটি বেসরকারি টেলিভিশনের ডিজাইন সংবলিত ভুয়া ফটোকার্ডও প্রচার করা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, সংশ্লিষ্ট গণমাধ্যমের পেজ বা ওয়েবসাইটে এমন কোনো সংবাদ নেই এবং ওসমান ফারুক ছাড়া আর কারও পদত্যাগের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বরকত উল্লাহ বুলুর শারীরিক অবস্থার বিষয়ে শায়রুল কবির খান জানান, তিনি গত প্রায় এক মাস বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং এভারকেয়ার হাসপাতাল হয়ে মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়েছেন। চিকিৎসকদের পরামর্শে তিনি সেখানে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

অন্যদিকে ওসমান ফারুকের পদত্যাগের বিষয়ে তিনি স্পষ্ট করেন যে, ওসমান ফারুক ও তার সহধর্মিণী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় কেবল শারীরিক অসুস্থতার কারণেই তিনি সংসদ সদস্যের দায়িত্ব ছেড়েছেন এবং এর পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই। তারেক রহমানের নেতৃত্বে দল ও সরকার বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হচ্ছে উল্লেখ করে তিনি সবাইকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।

এসএইচ