৫০০ বহিষ্কৃত বিএনপি নেতার জন্য বড় সুখবর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ১১:৪৩ এএম
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং তাঁদের সমর্থন দেওয়ায় বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতার দলে ফেরার পথ খুলছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলের বিভেদ মেটানো ও সাংগঠনিক শক্তি বাড়াতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের এই উদ্যোগ নিয়েছে বিএনপি।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার বরাতে জানা গেছে, বহিষ্কৃত নেতাদের মধ্যে অন্তত ৭০ জন বিদ্রোহী প্রার্থীকে দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই কেন্দ্র থেকে তাঁদের চিঠি দেওয়া হবে। পাশাপাশি বিদ্রোহী প্রার্থীদের পক্ষে অবস্থান নেওয়া তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতার বহিষ্কারাদেশ পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে।

ইতিমধ্যে এই প্রক্রিয়ার অংশ হিসেবে নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এবং জেলার সদর, পৌর ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বহিষ্কৃত নেতা সাইফুল আলম নিরবকে ডেকে প্রথম সারিতে সঙ্গে নেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠন করে বিএনপি। তবে ওই নির্বাচনে মনোনয়ন না পেয়ে কেন্দ্রীয় ও তৃণমূলের অন্তত ৭০ জন নেতা ধানের শীষের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হন, যাঁদের মধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানা ও লুৎফর রহমান খান আজাদসহ সাতজন বিজয়ী হন। দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় তাঁদের এবং তাঁদের সমর্থক পাঁচ শতাধিক তৃণমূল নেতাকে বহিষ্কার করা হয়েছিল।

দলীয় সূত্রমতে, আগামী ২১ জানুয়ারি থেকে নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে। জাতীয় নির্বাচনের বিভক্তি যেন স্থানীয় নির্বাচনে ছড়িয়ে না পড়ে এবং একক প্রার্থী নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই বহিষ্কৃতদের ফিরিয়ে আনার গুরুত্ব দিচ্ছেন নীতিনির্ধারকেরা। পাশাপাশি সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে জানান, দলে ফিরতে ভুল স্বীকার করে বহিষ্কৃতদের প্রায় সবাই আবেদন করেছেন। স্থানীয় বাস্তবতা বিবেচনায় এবং যাঁদের অপরাধ তুলনামূলক কম গুরুতর, বিএনপি চেয়ারম্যান তাঁদের আবেদনগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন।

এসএইচ