ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে বিএনপি। বিশেষ করে নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়া এবং পরবর্তী সময়ে ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়া নেতাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন দলটির শীর্ষ নেতারা। এ ছাড়া নির্বাচন-পরবর্তী সময়ে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আসা অনেক নেতাকর্মীকেও দলে ফেরানোর সম্ভাবনা রয়েছে। আগামী স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।
দলের জ্যেষ্ঠ ও নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনেক ত্যাগী ও প্রভাবশালী নেতাকে বহিষ্কার করা হয়েছিল। দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হলেও পরবর্তী সময়ে তারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদন করেন। বিগত দিনের ত্যাগ ও সক্রিয় ভূমিকাকে বিবেচনায় নিয়ে তাদের আবেদনের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে খুব শিগগির পর্যায়ক্রমে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হতে পারে।
এরই মধ্যে কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার শুরু হয়েছে। বিএনপির দপ্তর সূত্র জানায়, বহিষ্কৃত অধিকাংশ নেতাই বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন করেছেন। এরই মধ্যে নড়াইল সদর, পৌর ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়া নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৮টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকলেও মূলত সাতজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন। তাঁরা হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, লুৎফর রহমান খান আজাদ, শেখ মজিবুর রহমান ইকবাল, এম এ হান্নান, আতিকুল আলম শাওন, সালমান ওমর রুবেল এবং এ জেড এম রেজওয়ানুল হক। জানা গেছে, ব্যারিস্টার রুমিন ফারহানা ছাড়া বাকি ছয়জন স্বতন্ত্র সংসদ সদস্য জোট গঠন করে বিএনপির সব সিদ্ধান্ত ও কর্মসূচি বাস্তবায়ন করছেন এবং দলে ফেরার অপেক্ষায় আছেন। এই ছয় সংসদ সদস্যের বিষয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানা গেছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে সংসদ সদস্য এম এ হান্নান জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাঁদের অভিভাবক এবং তিনি যে সিদ্ধান্ত নেবেন, সেটিই মাথা পেতে নেওয়া হবে। বহিষ্কারাদেশ প্রত্যাহার হলে এলাকার সাংগঠনিক বলয় বৃদ্ধি পাবে এবং নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করা যাবে বলে তিনি উল্লেখ করেন।
দলীয় সূত্রে জানা যায়, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সারাদেশে ৯২ জনকে বহিষ্কার করেছিল বিএনপি, যার মধ্যে গত ২১ জানুয়ারি এক দিনেই ৫৯ জনকে বহিষ্কার করা হয়। এ ছাড়া জোটের শরিকদের জন্য ছেড়ে দেওয়া আটটি আসনে প্রার্থী হওয়ায় আরও ১৩ জন এবং বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করা ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে তৃণমূলের আরও অন্তত পাঁচ শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছিল। বিজয়ী সাতজন ছাড়াও অন্তত ২৮টি আসনে জয়-পরাজয়ে প্রভাব ফেলেছিলেন বিদ্রোহী প্রার্থীরা। বহিষ্কৃত প্রভাবশালী নেতাদের তালিকায় বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন, সাইফুল আলম নিরব এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা সাইফুল ইসলাম ফিরোজসহ বিভিন্ন পর্যায়ের নেতারা রয়েছেন।
দলীয় শৃঙ্খলা ও বহিষ্কৃতদের ফেরানোর বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, দল চেয়েছিল তাঁরা যেন সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন না করেন এবং দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেন। কিন্তু তাঁরা সেই প্রত্যাশা রাখেননি। এখন তাঁরা ফিরতে চাচ্ছেন, দেখা যাক কী করা যায়। তবে স্থায়ী কমিটির কয়েকজন নেতা মনে করেন, বহিষ্কৃত নেতারা ত্যাগী ও যোগ্য হলেও দলের চেইন অব কমান্ড সবার ঊর্ধ্বে; দলীয় নির্দেশনা না মানলে দলকে সুশৃঙ্খল রাখা সম্ভব নয়।
এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের ইঙ্গিত পেয়ে বহিষ্কৃত নেতারা ফের মাঠে সক্রিয় হচ্ছেন এবং অনুসারীদের নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য মোকাবিলায় ভূমিকা রাখছেন। গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় বহিষ্কৃত নেতা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরবকে রাস্তার পাশ থেকে ডেকে প্রথম সারিতে নিজের সঙ্গে নেন তারেক রহমান। এতে বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগ নিয়ে রাজনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি হয়। এ বিষয়ে সাইফুল আলম নিরব জানান, তিনি বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে ভাবছেন না; জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ ধারণ করেই দলের সব কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের মতে, বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে নীতিগত কোনো জটিলতা নেই। তবে প্রত্যেকের রাজনৈতিক ভূমিকা, বহিষ্কারের কারণ এবং স্থানীয় সাংগঠনিক বাস্তবতা বিবেচনায় নিয়েই পর্যায়ক্রমে এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এসএইচ