ভারতীয় ভিসা পেতে নতুন নিয়ম, যেসব তথ্য বাধ্যতামূলক 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬, ০১:০২ পিএম
ফাইল ছবি

বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসার আবেদনপ্রক্রিয়ায় নতুন শর্ত যুক্ত করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে পর্যটন, চিকিৎসা ও ব্যবসাসহ সব ধরনের ভিসার আবেদনের সঙ্গে নির্ধারিত ভিসা আন্ডারটেকিং ফর্ম পূরণ করে জমা দিতে হবে। এই অঙ্গীকারনামা ছাড়া কোনো ভিসার আবেদন গ্রহণ করা হবে না। বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশনের ভিসা আবেদনবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের প্রথমে হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে ভিসা আন্ডারটেকিং ফর্ম সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ ও স্ক্যান করতে হবে। এরপর স্ক্যান করা কপি অনলাইন ভিসা আবেদন পোর্টালে আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। নির্ধারিত ফরম্যাটের বাইরে অন্য কোনো ফর্ম ব্যবহার করা যাবে না এবং বিকল্প ফরম্যাটে অঙ্গীকারনামা জমা দিলে তা গ্রহণ করা হবে না। ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিয়মশৃঙ্খলা বজায় রাখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্ধারিত এক পাতার এই ফর্মের শুরুতে আবেদনকারীর নাম ও ব্যক্তিগত পরিচিতিসংক্রান্ত পাঁচটি তথ্য যেমন পাসপোর্টে থাকা পূর্ণ নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ এবং ঢাকায় বসবাসের বর্তমান ঠিকানা উল্লেখ করতে হবে। দ্বিতীয় অংশে পর্যটন, ব্যবসা, চিকিৎসা কিংবা সম্মেলনে অংশগ্রহণের মতো ভারত সফরের সুনির্দিষ্ট কারণ লিখতে হবে।

এরপর আবেদনকারীকে তিনটি বিষয়ে অঙ্গীকার করতে হবে। প্রথমত, ভারত সফর শেষে নিজ দেশে ফিরে আসবেন এবং ভিসার নির্ধারিত মেয়াদের বেশি দেশটিতে অবস্থান করবেন না। দ্বিতীয়ত, ভারতে অবস্থানকালে দেশটির প্রচলিত সব আইন, বিধিবিধান ও সংস্কৃতি অনুসরণ করবেন। তৃতীয়ত, কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়াবেন না। এসব শর্তের ব্যত্যয় ঘটলে ভিসা বাতিল ও ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

ফর্মের শেষাংশে আবেদনকারীকে নিজের স্বাক্ষর এবং পূরণের স্থান ও তারিখ উল্লেখ করতে হবে। অপ্রাপ্তবয়স্কদের ভিসা আবেদনের ক্ষেত্রে বাবা ও মা উভয়ের স্বাক্ষর নেওয়ার নির্দেশনা রয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ভিসার আবেদন জমা দেওয়ার আগে নির্ধারিত ফর্মটি যথাযথভাবে পূরণ এবং অনলাইন পোর্টালে আপলোড করা হয়েছে কি না, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

এসএইচ