সামাজিক উন্নয়ন, মানবসেবা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিক্রমপুর-মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির ২০২৬ সালের সপ্তম মাসিক সভা।
শনিবার (৪ জুলাই) উৎসাহ-উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই সভায় সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে মোহাম্মদ ইউনুছ বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানো এবং মানবসেবাই এই সমিতির প্রধান অঙ্গীকার। সাধারণ মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই সমিতিকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রতিটি সদস্য আন্তরিকতা, ঐক্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে খুব অল্প সময়ের মধ্যেই এটি একটি আদর্শ সামাজিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং মানুষের আস্থা ও ভালোবাসাই হবে এর সবচেয়ে বড় শক্তি।
সমিতির সাধারণ সম্পাদক তাহিয়াত হোসেন বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের কল্যাণে কাজ করাই মূল উদ্দেশ্য। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করতে পারলেই লক্ষ্য সফলভাবে অর্জন করা সম্ভব হবে। শুধু সভা-সমাবেশ নয়, বরং বাস্তবমুখী সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। এ জন্য শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা এবং সামাজিক সচেতনতামূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে সমিতিকে আরও গতিশীল করে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত অন্যান্য সদস্যরাও সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। ঐক্য, সততা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সভায় সমিতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, নতুন সমাজসেবামূলক উদ্যোগ, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানবসেবার আদর্শকে ধারণ করে বিক্রমপুর-মুন্সীগঞ্জ কল্যাণ সমিতি ভবিষ্যতে আরও শক্তিশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে।
এসএইচ