খেলা দেখে ফেরার পথে বাস চাপায় দুই সাংবাদিক নিহত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ১২:৫৯ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে ঢাকার উত্তরায় বাস চাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে জসীম উদ্‌দীন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এর আগে বুধবার রাত ৯টার দিকে জসীম উদ্‌দীন রোডের ইউ-টার্ন মোড়ে ট্রাকের ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

নিহত সাংবাদিকরা হলেন—সংবাদ দিগন্ত পত্রিকার শাকিবুল হাসান ও প্রাণের বাংলাদেশের রবিউল আলম রাজু। শাকিবুল উত্তরা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক এবং রাজু আপ্যায়ন বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পুলিশ জানায়, বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনাল খেলা দেখে বাসায় ফিরছিলেন তারা। পথে জসীম উদ্‌দীন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাদের চাপা দেয় একটি বাস।

গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মুনসুর বলছেন, ওই দুজনকে চাপা দেওয়া বাসটিকে শনাক্ত করা যায়নি। পুলিশ চেষ্টা করছে।

পিএস