আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ বিনামূল্যে দেখার সুযোগ মিলছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে। তবে এই বিশেষ সুবিধা পাবেন কেবল ব্রাজিলের নাগরিকেরা। দেশটির ফুটবলপ্রেমীদের জন্য ফোরকে (4K) রেজোলিউশনে বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি স্ট্রিম করার পরিকল্পনা করা হয়েছে।
ব্রাজিলের বাইরে অন্য কোনো দেশের দর্শক এই সুবিধা পাবেন না। ফলে বাংলাদেশ ও ভারতের ফুটবল সমর্থকেরা ইউটিউব কিংবা টুইচ চ্যানেল খুললেও ম্যাচগুলোর সরাসরি সম্প্রচার দেখতে পারবেন না। কারণ ব্রাজিল ছাড়া অন্যান্য অঞ্চলের জন্য এই চ্যানেলগুলো লক বা জিও-ব্লক করা থাকবে। মূলত কেজটিভির মূল সংস্থা ‘লাইভমোড’ কেবল ব্রাজিলিয়ান অঞ্চলের জন্যই এই ডিজিটাল স্বত্ব বা ব্রডকাস্ট রাইটস কিনেছে।
এদিকে ইউটিউবে খেলা দেখানোর এই পুরো প্রক্রিয়ার পেছনে বড় ভূমিকা রয়েছে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। সৌদি প্রো লিগের দল আল নাসরের এই ফরোয়ার্ড সম্প্রতি ব্রাজিলের ক্রীড়াভিত্তিক মিডিয়া কোম্পানি লাইভমোডে বড় অঙ্কের বিনিয়োগ করেছেন। এই লাইভমোডের সঙ্গেই অংশীদারত্ব চুক্তি রয়েছে কেজটিভির। রোনালদোর বিনিয়োগ করা এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকেই বিশ্বকাপের মোট ১০৪টি ম্যাচ সম্পূর্ণ বিনামূল্যে সরাসরি সম্প্রচার করা হবে, যার সুবিধাভোগী হবেন কেবল ব্রাজিলের নাগরিকেরা।
ব্রাজিলিয়ানদের জন্য এই সুযোগ থাকলেও দক্ষিণ এশিয়ার দর্শকদের জন্য অবশ্য এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে জানা গেছে, ভারতে বিশ্বকাপ ম্যাচগুলো সম্প্রচারের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ‘জি’ নেটওয়ার্ক। তারা তাদের স্পোর্টস চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম ‘জিফাইভ’ অ্যাপের মাধ্যমে এই অঞ্চলের দর্শকদের জন্য ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করতে পারে।
এসএইচ