• ঢাকা
  • শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা হেলাল মুন্সী


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি ডিসেম্বর ২৩, ২০২৫, ০৯:০৪ পিএম
জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা হেলাল মুন্সী

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির উপজেলা কমিটির সদস্য হেলাল উদ্দিন মুন্সী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তাঁর এই রাজনৈতিক অবস্থান পরিবর্তনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি জামায়াতে ইসলামীতে যোগদানের ঘোষণা দেন।

এ সময় হেলাল উদ্দিন মুন্সী বলেন, তিনি দীর্ঘ ২৫ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি থানা কমিটির বর্তমান সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নাজিরপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন। এখন তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে থেকে ইসলামের খেদমতে বাকি জীবন উৎসর্গ করতে চান। এ জন্য তিনি সবার দোয়া কামনা করেন। পাশাপাশি ভবিষ্যতে নাজিরপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর পক্ষে ব্যাপক ভোটের ব্যবধান সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি হেলাল উদ্দিন মুন্সীকে স্বাগত জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

হেলাল উদ্দিন মুন্সীর জামায়াতে ইসলামীতে যোগদানকে কেন্দ্র করে বাউফল উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের মতে, তাঁর এই যোগদানের ফলে আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন আরও জোরদার হতে পারে।

এসএইচ 

Wordbridge School
Link copied!