ছবি : প্রতিনিধি
বানারীপাড়া: বরিশালের বানারীপাড়ায় গাঁজা চাষ ও বহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইজনকে জেল ও জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বানারীপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে গাঁজা গাছ চাষের অভিযোগে মিলন হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বন্দর বাজারের একজন চা ও কনফেকশনারি ব্যবসায়ী। এ সময় তার বাড়ি থেকে তিনটি গাঁজা গাছ জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন বানারীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি. এম. এ. মুনীব। পরে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই দিন দুপুরে পৌরসভার মাহিন্দ্র-আলফা স্ট্যান্ড এলাকায় পৃথক অভিযানে পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার কুনিয়ারী গ্রামের রুহুল আমিনের ছেলে হৃদয় হাসানকে (২৫) ৬ পুড়িয়া গাঁজাসহ আটক করা হয়।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে দণ্ডপ্রাপ্তদের বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পিএস







































