• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লুটপাট আর টাকা পাচারে অচলাবস্থায় ৮ ব্যাংক: পানিসম্পদ মন্ত্রী


লক্ষ্মীপুর প্রতিনিধি  মার্চ ২৪, ২০২৬, ০৬:১৮ পিএম
লুটপাট আর টাকা পাচারে অচলাবস্থায় ৮ ব্যাংক: পানিসম্পদ মন্ত্রী

ছবি : প্রতিনিধি

লক্ষ্মীপুর: বিগত সরকারের লুটপাট আর টাকা পাচারের কারণে বাংলাদেশের ৭ থেকে ৮টি ব্যাংক অচলাবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। 

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসকের দায়িত্বভার গ্রহণে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন। 

পানিসম্পদ মন্ত্রী বলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের ১৫ কোটি টাকা ইউনিয়ন ব্যাংকে আটকে আছে। ভাগ্যের নির্মম পরিহাস যা আছে, সে সম্পদও জব্দ। শেষ পর্যন্ত তাও পাওয়া যাবে কি না তা কঠিন ব্যাপার। শুধু একটা ব্যাংকেই আজকে এ অবস্থা নয়। বাংলাদেশে ৭-৮ টি ব্যাংক আজকে অচলাবস্থায় রয়েছে শুধু লুটপাট আর টাকা পাচারের কারণে। একটা কঠিন সময়ে আমাদের দায়িত্ব নিতে হয়েছে। এই কঠিন সময় পার করাও কঠিন। এজন্য দরকার সবার আন্তরিকতা ও সহযোগিতা। 

এ্যানি চৌধুরী বলেন, সারাদেশে অনেকগুলো মেগা প্রজেক্ট হয়েছে। এই মেগা প্রজেক্টের বেনিফিশিয়ারি গ্রামের মানুষ না, আমরা সাধারণ মানুষও না। হয়তো এটা সাময়িক ক্ষেত্রে আপনার আমার বিশেষ প্রয়োজন হয়। এমন এমন মেগা প্রজেক্ট হয়েছে যা এ মুহুর্তে গত ১৭ বছর না করলেও চলতো। আবার কিছু মেগা প্রজেক্ট জরুরি ছিল। সেগুলো হয়েছে। কিন্তু ১ হাজার কোটি টাকার প্রজেক্ট ১০ হাজার কোটি টাকায় হয়েছে। মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে। 

তিনি বলেন, কোনভাবে যেন দুর্নীতি না হয়। সেটা জেলা পরিষদ হোক, লক্ষ্মীপুর পৌরসভা, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, রোডস অফিস আর এলজিইডিতে হোক। তার দায়িত্ব কিন্তু তাকে (দায়িত্বপ্রাপ্তরা) নিতে হবে। কোন দায়-দায়িত্ব কিন্তু আমরা নেব না। এনিয়ে সম্পুর্ণভাবে আমাদের সরকার ওয়াকিবহাল। মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে সবসময় খুবই সতর্ক রয়েছেন। 

তিনি আরও বলেন, যদি কেউ কোন দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হন, তাহল শুধু ডিপার্টমেন্টই না, তিনি যদি রাজনৈতিক ব্যক্তিও হন, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এখানে এসেছি দীর্ঘদিন পর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অনেক ত্যাগ শ্রম, সবশেষ জুলাই আন্দোলনে শহীদ হয়ে।

পিএস

Wordbridge School
Link copied!