ছবি : প্রতিনিধি
ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র সংসদ বা বিশ্ববিদ্যালয় নির্বাচন কখনোই জাতীয় নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলবে না।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়া এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রদলসহ বিরোধী ছাত্র সংগঠনগুলোকে ক্যাম্পাসে কাজ করতে দেওয়া হয়নি। বিশেষ করে ছাত্রদলকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় বাধা দেওয়া হয়েছে। তবে আমরা আশা করি, বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে।’
উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই অবহেলিত জনপদকে উন্নত করতে ‘রাজশাহী বিভাগ উন্নয়ন বোর্ড’ গঠন করেছিলেন। সে সময়ই এই অঞ্চলে শিল্পায়নের সূচনা হয়। ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একইভাবে ভাবছেন। বিএনপি ক্ষমতায় এলে এই পিছিয়ে পড়া অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।’
তারেক রহমানের ঠাকুরগাঁও সফর প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, এটি মূলত একটি শুভেচ্ছা সফর। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের কবর জিয়ারত করতে তারেক রহমান এখানে আসবেন।
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঠাকুরগাঁওয়ের বড় মাঠে আয়োজিত ‘গণদোয়া’ অনুষ্ঠানে তিনি অংশ নেবেন।
পিএস







































