• ঢাকা
  • শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে ভারতের সংসদে ঝড়, যা জানা গেল 


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:৪৫ এএম
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে ভারতের সংসদে ঝড়, যা জানা গেল 

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগ নিয়ে ভারতের উদ্বেগ আছে কি না—এমন প্রশ্ন উঠেছে ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায়। এ নিয়ে সরকারিভাবে ভারতের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) লোকসভায় বাংলাদেশ সংক্রান্ত একাধিক প্রশ্নের লিখিত জবাব পাঠ করে শোনান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। এনডিটিভির বরাতে এ তথ্য জানা গেছে।

সংসদ সদস্যদের এক প্রশ্নে জানতে চাওয়া হয়, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বর্তমানে কোনো স্পর্শকাতর পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে কি না এবং এই পরিস্থিতির সুযোগ পাকিস্তান নিচ্ছে কি না—যা ভারতের স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে।

জবাবে কীর্তি বর্ধন সিং বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক গভীর ও বহুমাত্রিক। ইতিহাস, ভৌগোলিক অবস্থান, ভাষা, সংস্কৃতি এবং সামাজিক বন্ধনের দিক থেকে দুই দেশ একে অপরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। এই সম্পর্কের মূল লক্ষ্য হলো দুই দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করা। তিনি আরও জানান, বিদ্যমান প্রাতিষ্ঠানিক ব্যবস্থার আওতায় নিয়মিত বৈঠক ও পারস্পরিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

পাকিস্তান এই সম্পর্কের সুযোগ নিচ্ছে কি না—এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক সম্পূর্ণ স্বাধীন এবং অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে তা নির্ধারিত হয় না।

এ সময় তিনি উল্লেখ করেন, বাংলাদেশের যেসব অঞ্চলে ভারতের জাতীয় স্বার্থ জড়িত, সেগুলোর ওপর সরকার সার্বক্ষণিক নজর রাখছে এবং স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

লোকসভায় আরেক প্রশ্নে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হয়। প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি ভারত নিয়মিতভাবে ঢাকার কাছে তুলে ধরছে। প্রধানমন্ত্রী নিজে এ বিষয়ে আলোচনা করেছেন এবং গত বছরের ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীও বিষয়টি উত্থাপন করেন।

এছাড়া বাংলাদেশ, পাকিস্তান ও চীনের মধ্যে সম্ভাব্য ঘনিষ্ঠতা বা জোট গঠনের বিষয়টি ভারত সরকার বিবেচনায় নিচ্ছে কি না—এমন প্রশ্নের উত্তরে কীর্তি বর্ধন সিং বলেন, ভারতের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয় সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

তিনি বলেন, ‘সবার আগে প্রতিবেশী’ নীতির আলোকে ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ, উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য, জনগণের মধ্যে সংযোগ এবং যাতায়াত ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে সম্পর্ক জোরদার করে যাচ্ছে।

নিজ দেশের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার পাশাপাশি দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

এম

Wordbridge School
Link copied!