• ঢাকা
  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সিকিমে এক রাতে একাধিক ভূমিকম্প, প্রভাবে বাংলাদেশেও


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৯:২১ পিএম
সিকিমে এক রাতে একাধিক ভূমিকম্প, প্রভাবে বাংলাদেশেও

ফাইল ছবি

ভারতের হিমালয়কন্যা সিকিমে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত একের পর এক ভূমিকম্প আঘাত হেনেছে। গত কয়েক ঘণ্টায় অন্তত ৮ থেকে ১৩ বার কম্পনে থরহরিকম্প হয়েছে গ্যাংটক, নামচি, মাঙ্গানসহ রাজ্যের বিভিন্ন এলাকা। এই ধারাবাহিক ভূকম্পনের প্রভাব ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও; বিশেষ করে রংপুর বিভাগের জেলাগুলোতে ব্যাপক কম্পন অনুভূত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩৯ মিনিটে প্রথম উল্লেখযোগ্য কম্পনটি অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৬। এরপর রাত ২টা ৫০ মিনিটে ৪.৪ মাত্রার এবং ভোর ৩টা ৩১ মিনিটে ৪.০ মাত্রার আরও দুটি মাঝারি কম্পন রেকর্ড করা হয়েছে। ভোর ৬টা পর্যন্ত আরও ৫-৬টি ছোট আকারের আফটারশক অনুভূত হয়েছে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এবং ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পগুলোর উৎসস্থল ছিল সিকিমের নামচি ও মাঙ্গান এলাকায়।

ভূমিকম্পগুলোর উৎস অত্যন্ত অগভীর ছিল—ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ থেকে ১০ কিলোমিটার গভীরতায়—যার কারণে কম্পন তীব্রভাবে ছড়িয়ে পড়েছে।
নীলফামারীর এক বাসিন্দা জানান, ‘বিছানায় শুয়ে ছিলাম, হঠাৎ মনে হলো ঘরটা ধসে পড়বে। খুব ভয় লেগেছিল। পরে বুঝলাম ভূমিকম্প হচ্ছে।’

ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, সিকিম ও আশপাশের হিমালয় অঞ্চল ভূমিকম্পপ্রবণ ফল্ট লাইনের ওপর অবস্থিত। বড় কম্পনের পর এ ধরনের ছোট ছোট আফটারশক হওয়া স্বাভাবিক ঘটনা।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মিয়ানমারে ৫.৯ মাত্রার ভূমিকম্পে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়। এছাড়া ওই দিন ভোরে সাতক্ষীরার কলারোয়ায় ৪.১ মাত্রার ভূকম্পনও রেকর্ড করা হয়েছে।

এসবিআর

Wordbridge School
Link copied!