• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবে না: জামায়াত আমির 


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৬:১৭ পিএম
অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবে না: জামায়াত আমির 

ছবি: প্রতিনিধি

একই অপরাধে একজন সাধারণ নাগরিক যে শাস্তি পাবেন, দেশের প্রধানমন্ত্রীও সেই একই শাস্তির মুখোমুখি হবেন-এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সাধারণ মানুষ অপরাধ করলে যে শাস্তি দেওয়া হয়, প্রধানমন্ত্রী একই অপরাধে জড়ালেও তাঁর ক্ষেত্রে কোনো ব্যতিক্রম থাকবে না। তিনি বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশে এমন একটি ন্যায্য বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যেখানে সবাই আইনের দৃষ্টিতে সমান থাকবে। এই বিচার ব্যবস্থা মুসলিম, হিন্দু, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের জন্য প্রযোজ্য হবে।

তিনি আরও বলেন, ন্যায্য বিচার প্রতিষ্ঠিত হলে দেশে চাঁদাবাজির কোনো সুযোগ থাকবে না। চাঁদাবাজির সব পথ বন্ধ করে দেওয়া হবে। যারা চাঁদাবাজিতে জড়িত, তাদের আইনের আওতায় এনে দেশ গঠনের কাজে যুক্ত করা হবে। একইভাবে দুর্নীতিবাজদেরও আর দুর্নীতি করার সুযোগ থাকবে না।

জামায়াত আমির বলেন, দেশে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। তবে সবাই এক রকম নন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, প্রয়োজনে নিজের জীবন দেওয়া যেতে পারে, কিন্তু দেশের এক ইঞ্চি জমিও কাউকে ছেড়ে দেওয়া যাবে না-এই নিয়ত নিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, গত ৫৪ বছর ধরে মানুষ শাসন ও অপশাসনের চক্র দেখেছে। এসব দেখে দেখে জনগণ এখন ক্লান্ত। তাই মানুষ পরিবর্তন চায়। পুরোনো ও পচে যাওয়া রাজনৈতিক ধারা আর কেউ দেখতে চায় না।

এসএইচ 

Wordbridge School
Link copied!