ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ সকল নির্বাচনী সরঞ্জাম।
বুধবার দুপুরে সদর উপজেলার হলরুম থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মার্মাসহ নির্বাচন কর্মকর্তারা সরঞ্জাম বিতরণ করেন। প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
এদিকে সকালে পুলিশ লাইন্স মাঠে পুলিশের নির্বাচনী প্রস্তুতি প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মো. আবু তারেক জানান, জেলার ৪৯৬টি ভোট কেন্দ্রের মধ্যে অর্ধেককে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোটার যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুরের চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীরা। মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৩৭ হাজার ৯৫৬ জন। ভোট গ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ, র্যাব, আনসার ও বিজিবিসহ ৯ হাজার ৮শ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। এছাড়া ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীও কাজ করছে। সুষ্ঠু ভোট নিশ্চিত করতে রাস্তা, মহাসড়ক ও অলিগলিতে টহল অব্যাহত রাখা হয়েছে।
এসএইচ






































