• ঢাকা
  • মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘আকস্মিক’ কেন্দ্র পরিদর্শনে যাবেন শিক্ষামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২১, ২০২৬, ১০:৪৭ এএম
‘আকস্মিক’ কেন্দ্র পরিদর্শনে যাবেন শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে এবার ভিন্ন কৌশল নিতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আগের মতো নির্দিষ্ট কেন্দ্র ঘোষণা না করে ‘আকস্মিক’ পরিদর্শনের পরিকল্পনা করেছেন তিনি, যা নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে নানা জল্পনা।

সাধারণত পাবলিক পরীক্ষার সময় রাজধানীর এক বা একাধিক কেন্দ্রে শিক্ষামন্ত্রীর সফরের তথ্য আগেই গণমাধ্যমকে জানানো হয়। তবে এবার সেই প্রচলিত রীতি থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রী কোন কেন্দ্রে যাবেন—রাজধানী নাকি ঢাকার বাইরে—তা নিয়েও স্পষ্ট করে কিছু জানাচ্ছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের ভাষ্য, বিষয়টি সম্পূর্ণ মন্ত্রীর ব্যক্তিগত সিদ্ধান্ত।

মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা এবং মন্ত্রীর দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি। ফলে পরীক্ষার কেন্দ্রগুলোতে বাড়তি সতর্কতা দেখা গেছে।

রাজনৈতিক অতীতের কারণেও এ ধরনের আকস্মিক পরিদর্শন নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মিলন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালে তিনি নকলবিরোধী অভিযানে হেলিকপ্টারে করে বিভিন্ন কেন্দ্রে গিয়ে ব্যাপক আলোচনায় আসেন। সে সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর নির্দেশনায় পরিচালিত সেই অভিযান তাকে আলাদা পরিচিতি এনে দেয়।

বর্তমান মেয়াদে দায়িত্ব নেওয়ার পরও তিনি একই ধরনের কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপে আবারও হেলিকপ্টার ব্যবহার করে আকস্মিক পরিদর্শনে যাওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেন। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে ‘হেলিকপ্টার মিলন’ নামে ডাকছেন।

এদিকে, সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষায় দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে অংশ নিচ্ছে প্রায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী। প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র, মাদরাসা বোর্ডে কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডে সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এম

Link copied!