কুমিল্লার বুড়িচংয়ে এক ভিন্নধর্মী রাজনৈতিক ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। জামিনে মুক্তি পাওয়া এক আওয়ামী লীগ নেতার বাসায় শুভেচ্ছা জানাতে মিষ্টি ও ফুল নিয়ে উপস্থিত হন স্থানীয় বিএনপি নেতা।
বুধবার কুমিল্লা কারাগার থেকে জামিনে মুক্তি পান বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার। সন্ধ্যার পর তার বাসায় যান উপজেলা বিএনপির আপ্যায়ন বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ। সেখানে ফুল ও মিষ্টি দিয়ে তাকে শুভেচ্ছা জানান তিনি।
এ সময় তাদের একসঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা। অনেকেই বিষয়টিকে রাজনৈতিক সৌজন্য হিসেবে দেখলেও কেউ কেউ প্রশ্ন তুলেছেন দলীয় অবস্থান নিয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সোহেল আহমেদ। পরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দেন। তবে এখনও তার সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ নেতাদের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে বলে স্থানীয় মহলে আলোচনা আছে।
এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বুড়িচং উপজেলা ছাত্রলীগের এক নেতা লিখেছেন, জামিনে মুক্তি পাওয়ার পর আখলাক হায়দারের পাশে বিএনপি নেতাকেও দেখা গেছে, যা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে সোহেল আহমেদ বলেন, ব্যক্তিগতভাবে কারও বাসায় যাওয়া অন্যায় নয়। তার ভাষ্য, রাজনৈতিক ভিন্নতা থাকলেও ব্যক্তিগত সম্পর্ক আলাদা হতে পারে।
অন্যদিকে বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন এবং এ নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলা যেতে পারে।
এম
































-20260220112630.jpg)






