ছবি: প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর (আইসিপি) থেকে ২৩১ দশমিক ৮১ গ্রাম স্বর্ণসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে নিয়মিত তল্লাশি কার্যক্রমের সময় তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)–এর অধীন সোনামসজিদ আইসিপিতে বিকেল আনুমানিক ৫টার দিকে নিয়মিত চেকিং চলছিল। এ সময় বাংলাদেশি নাগরিক মো. সানি মাই (২৭) নামে এক যাত্রীকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বড় বড়াই কাউরাইদ গ্রামের বাসিন্দা।
তল্লাশির সময় বিজিবির আর্চওয়ে মেটাল ডিটেক্টরে তার শরীরে ধাতব বস্তুর উপস্থিতি ধরা পড়ে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ বহনের কথা স্বীকার করেন। এরপর তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে করলে তার পায়ুপথে স্বর্ণ থাকার বিষয়টি নিশ্চিত হয়।
পরে চিকিৎসকের তত্ত্বাবধানে তার পায়ুপথ থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ২৩১ দশমিক ৮১ গ্রাম। চাঁপাইনবাবগঞ্জ স্বর্ণ জুয়েলারি সমিতি পরীক্ষার মাধ্যমে স্বর্ণের সত্যতা নিশ্চিত করেছে। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৫৩ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারীরা নানা কৌশল অবলম্বন করলেও বিজিবি সব ধরনের চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক রয়েছে।
এসএইচ







































