ছবি : প্রতিনিধি
বরিশাল: ঈদ শুধু একটি দিনের আনন্দ নয় বরং এটি মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক অনন্য উপলক্ষ এমন মন্তব্য করে ঈদের চেতনাকে সারা বছর ধরে ধারণের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন।
শনিবার (২১ মার্চ) সকালে বরিশালের গৌরনদী উপজেলার গৌরনদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান-এ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, ঈদ আমাদের শেখায় ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়াতে। এই ঐক্য ও সম্প্রীতির চেতনা যদি আমরা সারা বছর ধরে রাখতে পারি, তাহলে সমাজে হিংসা-বিদ্বেষ অনেকটাই কমে আসবে।
তিনি আরও বলেন, একটি উন্নত ও মানবিক সমাজ গঠনে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। প্রয়োজন জনগণের সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা এবং নৈতিকতার চর্চা। সবাই মিলে কাজ করলেই একটি সুন্দর ও স্থিতিশীল রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
মানবিক মূল্যবোধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, মানুষ হিসেবে আমাদের বিনয়ী হওয়া এবং অন্যের কষ্ট অনুভব করার মানসিকতা গড়ে তোলা জরুরি। ঈদের শিক্ষা যদি আমাদের দৈনন্দিন জীবনে প্রতিফলিত হয়, তাহলে সমাজে বৈষম্য ও সংঘাত কমে শান্তি প্রতিষ্ঠিত হবে।
ঈদের জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আনসার উদ্দিন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী শেষে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন আমরা তা সবাই মিলে ভাগাভাগি করি। তাই আসুন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের প্রকৃত শিক্ষা বাস্তবায়ন করি।
পিএস
























-6a397791a3645-20260622190839.jpg)














