ছবি : সংগৃহীত
ঢাকা: দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে ফের ৪ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এই আদেশ দেন।
চার দিনের রিমান্ড শেষে এমপি নজরুলকে আদালতে হাজির করে পুনরায় জিজ্ঞেসাবাদের জন্য সাত দিন রিমান্ড চেয়ে আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন।
ওই আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে নজরুল জানিয়েছেন মরিয়ম আবেগপ্রবণ ছিলেন এবং পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন। মামলার ‘মূল রহস্য’ উদঘাটনে নজরুলকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য তাকে আরও বিস্তারিত ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলেও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।
এদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে৷ উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ২১ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা মামলায় নজরুলকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। একই দিন তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকেও এক দিনের রিমান্ডে নেওয়া হয় এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়।
গতকাল বুধবার এই মামলার আরেক আসামি ওবায়দুরকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের সংসদ সদস্যদের আবাসিক কমপ্লেক্স ন্যাম ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
ওই রাতেই মরিয়মের বাবা মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
পিএস







































