• ঢাকা
  • সোমবার, ২৩ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ধানক্ষেতে পড়ে ছিল নিখোঁজ বৃদ্ধের অর্ধগলিত মরদেহ


মাদারীপুর প্রতিনিধি মার্চ ২৩, ২০২৬, ০৭:৫৩ পিএম
ধানক্ষেতে পড়ে ছিল নিখোঁজ বৃদ্ধের অর্ধগলিত মরদেহ

ছবি : সংগৃহীত

মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলায় নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেত থেকে মোঃ রুহুল আমিন ঘরামী (৫৫) নামে এক কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের জায়গীর গ্রামের সোনামদ্দীন ঘরামীর ছেলে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে নিহতের বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কালকিনি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন রুহুল আমিন ঘরামী। এরপর দীর্ঘ ১০ দিন তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সোমবার সকালে স্থানীয়রা ধানক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

নিহতের স্বজনদের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় স্ত্রীর ছেলে দুদু মিয়া ঘরামী ও দুলাল ঘরামী তাকে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে রেখেছে। এ ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত দুজনকে আটক করে রেখেছে বলে জানা গেছে। স্বজনরা তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

নিহতের ভাই এবাদুল ঘরামী ও আলী আজগর ঘরামী অভিযোগ করে বলেন, পূর্ব বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

এ বিষয়ে কালকিনি থানার ওসি মোঃ জহিরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এসআই

Wordbridge School
Link copied!