• ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জুন ২৬, ২০২৬, ০৭:০৩ পিএম
ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

ছবি প্রতিনিধি

রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদীর পাকশী রেলওয়ে জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশ। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে ঈশ্বরদী রেলওয়ে থানাধীন ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনে পৌঁছানোর আগে চলন্ত ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ‘জ’ বগির ৭৬ ও ৭৭ নম্বর আসন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কল্যাণপুর এলাকার মোছা. সাজেমা বেগম (৪২) ও তাঁর স্বামী মো. কাজল আহম্মেদ (৪৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশের একটি দল রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ধূমকেতু এক্সপ্রেসে ওঠে। ট্রেনটি ঈশ্বরদীর দিকে আসার পথে সন্দেহভাজন ওই দম্পতিকে শনাক্ত করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সাজেমা বেগমের হাতে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে ৫০ গ্রাম এবং স্বামী কাজল আহম্মেদের প্যান্টের পকেট থেকে আরও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ডিজিটাল ওজন মেশিনে পরিমাপ করে এই আলামত জব্দ করা হয়।

এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসএইচ 

Link copied!