• ঢাকা
  • শুক্রবার, ০১ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সালথায় পাটের গুদামে আগুন, ক্ষতি ৩০ লাখ টাকার বেশি


ফরিদপুর প্রতিনিধি মার্চ ২৭, ২০২৬, ০২:০৮ পিএম
সালথায় পাটের গুদামে আগুন, ক্ষতি ৩০ লাখ টাকার বেশি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩৫০ মণ পাট, ৩০ মণ মসুর ডালসহ তিনটি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ৩০ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

আজ শুক্রবার সকাল আটটার দিকে উপজেলা সদর সালথা বাজারের পুরুরা সড়কসংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, তাঁর গুদামের টিনশেড চালের ওপর দিয়ে অপরিকল্পিতভাবে বিদ্যুতের তার টানানো ছিল। সকাল সাড়ে সাতটার দিকে সেই তার ছিঁড়ে গুদামের টিনের ওপর পড়ে আগুন ধরে যায়। পরে আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ৩৫০ মণ পাট ও ৩০ মণ মসুর ডাল পুড়ে যায়।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, সালথা বাজারে অপরিকল্পিতভাবে বিদ্যুতের তার টানানো হয়েছে। দোকান ও মার্কেটের ওপর দিয়ে তার নেওয়ায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

তবে সালথা বিদ্যুৎ অফিসের এজিএম মো. রেজাউল করিম বলেন, আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সালথা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মো. আব্দুল জলিল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তবে প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দীন বলেন, বৈদ্যুতিক লাইনের ত্রুটি থাকলে তা সংশোধনে বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

এসএইচ 

Link copied!