• ঢাকা
  • শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পিরোজপুরে পিবিপ্রবি‍‍`র জিএসটি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন 


পিরোজপুর প্রতিনিধি এপ্রিল ১০, ২০২৬, ০৬:১১ পিএম
পিরোজপুরে পিবিপ্রবি‍‍`র জিএসটি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন 

ছবি: প্রতিনিধি

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন এবং পিরোজপুর সরকারি মহিলা কলেজ উপকেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৭১ শতাংশ। 

একইদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিতির হার ছিল ৪৬ শতাংশ।

ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক, জরুরি মেডিকেল সেবা, অভিভাবকদের বসার ব্যবস্থা এবং বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়। এসব উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।

পরীক্ষা চলাকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম পরীক্ষা কেন্দ্র ও কন্ট্রোল রুম পরিদর্শন করে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম এবং ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আমিনূর রহমান উপস্থিত ছিলেন।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ এবং গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে এবং যাতায়াতের ভোগান্তিও কমেছে।

উল্লেখ্য, শুক্রবার দেশের মোট ২১টি কেন্দ্রে একযোগে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশে প্রায় দেড় লাখ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। এর আগে গত ২৭ মার্চ ‘সি’ ইউনিট (মানবিক) এবং ৩ এপ্রিল ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসএইচ 

 

Link copied!